যুব এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা এগিয়েছে যুবা টাইগাররা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক আজিজুল হক তামিম।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নেপালের। ওপেনার সাহিল প্যাটেল ও নিরাজ কুমার যাদব ৪০ রানের জুটি গড়েন। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে যায়। শেষ দিকে অভিষেক তিওয়ারি ৩০ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন এবং নেপালকে ১৩০ রানের পুঁজি এনে দেন।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সবুজ ৩ উইকেট নেন। দুইটি করে উইকেট শিকার করেন সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ এবং আজিজুল হাকিম তামিম। ১ উইকেট নেন শাহরিয়া আল-আমিন।

জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতেই আক্রমণাত্মক শুরু করে। ওপেনার জাওয়াদ আবরার ভালো ব্যাটিং শুরু করেন। তবে ৪র্থ ওভারের প্রথম দুই বলে রিফাত বেগ এবং আজিজুল হাকিম তামিম আউট হন। রিফাত ৭ বলে ৫ রান করে আউট হন, আর তামিম ১ বলে ১ রান করে বিদায় নেন। এরপর জাওয়াদের সাথে জুটি বাঁধেন কালাম সিদ্দিকী অ্যালেন।

জাওয়াদ পুরো ইনিংস ধরে খেলেন এবং কালামও দারুণ সঙ্গ দেন। জাওয়াদের কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকে বাংলাদেশ। জাওয়াদ ৫৯ বলে ফিফটি পূর্ণ করেন, আগের ম্যাচের মতো এবারও ম্যাচ জেতানো ফিফটি হাঁকান।

শেষ দিকে অ্যালেন ৬৬ বলে ৩৪ রান করে আউট হন। জাওয়াদ ৬৮ বলে ৭০ রান করে টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। রিজান হোসেন ৮ বলে ১২ রান করে অপর প্রান্তে অবদান রাখেন। ১৫১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় অর্জন করে বাংলাদেশ।