
বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান (৩৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার সকালে মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার মোল্লাবাড়ি এলাকায় মোটরসাইকেল আরোহী ওই শিক্ষককে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়, আর চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে এবং নিহত শিক্ষকের সহকর্মী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয়দের হস্তক্ষেপে সকাল ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামের বাসিন্দা। এক বছর এক মাস আগে এনটিআরসিএর মাধ্যমে ওই বিদ্যালয়ে নিয়োগ পান এবং কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন আছাদুর রহমান। পথেই দুর্ঘটনায় নিহত হন তিনি।
কচুয়া থানার ওসি মো. শামীম আহমেদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চালক ও হেলপার পলাতক থাকায় তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।