রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে হঠাৎ করে ১৫–২০ জন যুবক ব্যানার হাতে মিছিল শুরু করে। তারা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করে স্লোগান দেয়ার পর ব্যানার গুটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দা মো. আরজু যুগান্তরকে জানান, সকালে হঠাৎ কয়েকজন তরুণ জয়বাংলা স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে এবং বউবাজার হয়ে সামনের দিকে অগ্রসর হয়। কিছুক্ষণ পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ এসে ১১ জনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে হলেও কয়েকজন বয়স্ক মানুষও ছিলেন। তারা স্লোগান দেন—‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এ ধরনের ঝটিকা মিছিল ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।