দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। একই সঙ্গে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে। এ ধাপে আবেদন করতে পারবেন—যারা আগে আবেদন করেননি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, মনোনয়ন পাওয়ার পরও নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেননি এবং ভুল কোটার কারণে ভর্তি হতে পারেননি।
নতুন সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীরা ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তাদের আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আর চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর।
আন্তশিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তারা ভর্তি ওয়েবসাইটে লগইন করে শুধু কলেজের পছন্দক্রম নির্বাচন বা সংশোধন করলেই হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন করার আগে নিজ নিজ কোটার যোগ্যতা যাচাই করে নেওয়ার কথাও বলা হয়েছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।