
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে
বিশ্বজুড়ে আজ শনিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। ২০১২ সাল থেকে প্রতিবছর এই দিনটি উদযাপন করা হচ্ছে মেয়েদের অধিকার, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে। এ বছরের প্রতিপাদ্য হলো,
“আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই: সংকটের সামনের সারিতে মেয়েরা।”
দিবসটির মূল উদ্দেশ্য হলো লিঙ্গ বৈষম্য দূর করা, শিক্ষার অধিকার নিশ্চিত করা, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আইনি সহায়তা প্রদান এবং বাল্যবিবাহসহ নারীর প্রতি সহিংসতা রোধ করা।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের সূচনা হয় বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে। তাদের ‘কারণ আমি একজন মেয়ে’ নামের বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে দিবসটির ধারণা তৈরি হয়। কানাডার প্ল্যান ইন্টারন্যাশনাল কর্মীরা এই বিষয়টি জাতিসংঘে উত্থাপন করলে, কানাডা সরকারের সহায়তায় প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। এরপর ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটিকে স্বীকৃতি দেয় এবং ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো পালিত হয়।
প্রতি বছর আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের একটি নির্দিষ্ট থিম বা প্রতিপাদ্য থাকে। প্রথম কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ছিল ‘বাল্যবিবাহ বন্ধ করা’। এবারের প্রতিপাদ্য কন্যাশিশুদের নেতৃত্ব এবং সংকট মোকাবিলায় তাদের সাহসিকতাকে তুলে ধরেছে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।