আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাড়ি ফেরা যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে দৌলতদিয়া ঘাট ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পোড়াদাহগামী একটি পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে আদায় করা অতিরিক্ত ভাড়াও সংশ্লিষ্ট যাত্রীদের তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান জানান, নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি ফেরা যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় যাত্রীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা নেওয়া হলে যাত্রী হয়রানি অনেকটাই কমে আসবে।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।