ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসেছেন।
আজ (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। এর আগে রিজ ফেসবুক আইডিতে তিনি গণভোট বাস্তবায়নসহ তিন দফা দাবি তুলে ধরে অনশনের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে সাদিক মুনওয়ার মুনেম লিখেছেন, “জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষায় আমি আমরণ অনশনে বসেছি। আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। বর্তমান সরকারের কর্মকাণ্ডের কারণে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ ধূলিস্যাৎ হওয়ার পথে।”
তিনি আরও বলেন, “গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম-খুন, দুর্নীতি ও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার চেষ্টা আমরা মেনে নিতে পারি না। একজন বিক্ষুব্ধ নাগরিক হিসেবে জুলাইয়ের স্পিরিট ও জনগণের রায় রক্ষায় অনশনে বসেছি।”
নিজের দাবিতে তিনি উল্লেখ করেছেন:
- গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও বাস্তবায়ন করতে হবে।
- গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করতে হবে।
- জুলাই সনদে উল্লিখিত অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে।
তিনি আরও জানান, ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়া হবে এবং নতুন করে কাউকে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না। দেশের ছাত্র ও জনতাকে এই সংগ্রামে নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হওয়ার আহ্বান জানান সাদিক মুনওয়ার মুনেম।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।