
ক্ষমতায় এলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। একই সঙ্গে খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করারও ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি নতুনভাবে সাজাচ্ছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হলে রাষ্ট্রে পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে যায়। তাই তিনি গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচনই জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু নানা শর্ত আরোপ করে সে পথে বাধা সৃষ্টি হলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটে পড়বে।
ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্টের পতনের পরও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে অহেতুক বিতর্কে জড়ানো শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা উল্লেখ করে তারেক রহমান বলেন, সংবিধান কিংবা লিখিত আইন দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো সম্ভব নয়। জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই।
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।