-6a538e7315662.webp)
নীলফামারীর ডোমার উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত মিশুক (ভ্যান) দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মটকপুর নদীরপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন— ডোমারের নাদিয়াপাড়া এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)। দুর্ঘটনায় নিহত অপরজন হলেন একই এলাকার অলি বর্মনের ছেলে ও মিশুকচালক পরিমল বর্মন (৪০)।
এ ঘটনায় আহত হয়েছেন নমরতা ও মো. সাইদুল। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত মিশুক ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মিশুকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মিশুকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিশুকচালক পরিমল বর্মন এবং একই পরিবারের তিন আরোহীর মৃত্যু হয়।
নিহত পরিবারের স্বজনরা জানান, প্রতিমা রানি তার দুই সন্তানকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু পথেই ঘটে যায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।’
মন্তব্য (0)
প্রথম মন্তব্যটি আপনিই করুন।