অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সৌদি আরবে আটকে থাকা হজ এজেন্সিগুলোর প্রায় ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মাসার নুসুক প্ল্যাটফর্মে নিবন্ধিত ৯৯০টি এজেন্সির অব্যয়িত অর্থ ফেরত এসেছে।

খালিদ হোসেন বলেন, এসব এজেন্সির জমা অর্থের পরিমাণ এক কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৪৬৮ সৌদি রিয়াল ও ৫৭ হালালা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি ৯৪ লাখ টাকার সমান। ইতোমধ্যে এই অর্থ বাংলাদেশ হজ অফিসের সৌদি ফ্রান্সি ব্যাংকের হিসাব নম্বরে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ৯৯০টি এজেন্সির মধ্যে তিনটির কোনো অব্যয়িত অর্থ নেই। ৮৩১টি এজেন্সির ব্যাংক হিসাব নিশ্চিত করা হয়েছে, যাদের টাকা শিগগিরই স্থানান্তর করা হবে। বাকি ১৫৬টি এজেন্সির ব্যাংক তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ধর্ম উপদেষ্টা বলেন, ফেরত পাওয়া অর্থের মধ্যে কোনো কোনো এজেন্সির অনুকূলে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা, আবার কোনো কোনো এজেন্সির অনুকূলে সর্বনিম্ন ২ টাকা পর্যন্ত রয়েছে।