খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে মজুদ ও নির্ধারিত গুদামের বাইরে সংরক্ষণ করা ২১ মেট্রিক টন সরকারি সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার সাজ্জাদ হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব দীঘিনালা) ফারিয়া সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দীঘিনালা উপজেলার বোয়াখালী বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার সাজ্জাদ হোসেনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় এবং অবৈধভাবে মজুদ করা ২১ মেট্রিক টন সার জব্দ করা হয়।

সরকারি বরাদ্দের সার যথাযথভাবে সংরক্ষণ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন তারা।