আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীকে পরাজিত করে সিরাজগঞ্জকে শত্রুমুক্ত করেন। মুক্তিযুদ্ধের শুরুতেই পলাশডাঙ্গা যুবশিবির নামে একটি সংগঠন গড়ে ওঠে, যা গেরিলা বাহিনী হিসেবে পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

১৩ ডিসেম্বর শৈলাবাড়িতে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সর্বশেষ সম্মুখযুদ্ধ হয়। পরদিন ভোরে পরাজিত পাকবাহিনী পালিয়ে গেলে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করেন। এরপর সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে সিরাজগঞ্জকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।