
পটুয়াখালীর কলাপাড়ায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের একটি ভাড়াটিয়া বসতঘর থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম ওমর ফারুক ওরফে বায়জিদ (২১)। তিনি টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই ইউনিয়নের ইটাবাড়িয়া গ্রামের নাহিদা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে বায়জিদের বিয়ে হয়। তবে গত সপ্তাহে তার স্ত্রী নাহিদা নিখোঁজ হলে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বায়জিদ।
এলাকাবাসীর অভিযোগ, স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ও অন্যের সঙ্গে চলে যাওয়ার বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে অভিমান করে বায়জিদ আত্মহত্যা করেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।