যুক্তরাষ্ট্রে আবার সাময়িক শাটডাউন, সরকারি কাজকর্ম বন্ধ

image 284

নতুন অর্থায়ন আইন পাসে বিলম্ব হওয়ায় শনিবার (৩১ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে সরকারি কার্যক্রম বন্ধ বা শাটডাউন শুরু হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৩০ জানুয়ারি) মধ্যরাতের সময়সীমার আগে সিনেটে একটি অর্থায়ন প্যাকেজ ৭১–২৯ ভোটে পাস হলেও তা কার্যকর করতে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন। তবে সোমবার (২ ফেব্রুয়ারি) আগে হাউসে বিলটি পাস হওয়ার সম্ভাবনা নেই।

সিনেটে পাস হওয়া প্যাকেজে পাঁচটি দীর্ঘমেয়াদি বরাদ্দ বিল অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে অভিবাসন নীতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) অর্থায়ন দুই সপ্তাহের জন্য বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস জানিয়েছেন, সিনেটে অনুমোদিত ব্যয় বিলের মান ও প্রভাব পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, আইসিই ও ডিএইচএসের কার্যক্রমে মৌলিক সংস্কারের একটি স্পষ্ট ও বাধ্যতামূলক রূপরেখা ট্রাম্প প্রশাসনকে দিতে হবে।

এদিকে বাজেট ও ব্যবস্থাপনা দপ্তরের (ওএমবি) পরিচালক রাস ভট সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে শাটডাউনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আওতায় প্রতিরক্ষা, হোমল্যান্ড সিকিউরিটি, পররাষ্ট্র, ট্রেজারি, শ্রম, স্বাস্থ্য ও মানবসেবা, শিক্ষা, পরিবহন এবং আবাসন ও নগর উন্নয়ন বিভাগ রয়েছে।

তবে আগামী সপ্তাহের শুরুতেই যদি প্রতিনিধি পরিষদ বিলটি পাস করে, তাহলে এই শাটডাউনের প্রভাব সীমিত থাকবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত বছর যুক্তরাষ্ট্রে ৪৩ দিনব্যাপী শাটডাউন হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি