
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ শোক জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুপুর ১টার দিকে কারখানায় আগুন লাগার ঘটনায় তিন নারীসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, যত্রতত্র অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠায় এমন দুর্ঘটনা এখন প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও যথাযথ তদারকির অভাবেই শ্রমজীবী মানুষ বারবার প্রাণহানির শিকার হচ্ছেন। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারা প্রশাসনিক ব্যর্থতার পরিচায়ক বলেও মন্তব্য করেন তারা।
বিবৃতিতে অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শিল্পকারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মালিকপক্ষ ও প্রশাসনের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।