
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ এপ্রিল) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে মিছিল-পূর্ব সমাবেশে জোটের নেতারা অভিযোগ করেন, সংস্কার ও গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার ফ্যাসিবাদী আচরণ করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে অতীত সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে।
দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। তাদের হাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’, ‘গণভোট মানতে হবে’সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় গণভোটের পক্ষে এবং সরকারের অবস্থানের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। ১১ দলীয় ঐক্য ঢাকা মহানগরীর আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। সমাবেশে জোটের শীর্ষ নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দেন।
বক্তারা বলেন, সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দাবি করেন, অবিলম্বে রায় বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। জনগণের ভোটাধিকার ও মতামতের প্রতিফলন নিশ্চিত করতে সংবিধান সংস্কারের ওপরও জোর দেন নেতারা।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে জোটের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।