
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে ঘটনা ঘটে। নিহতরা হলেন—সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন খানের স্ত্রী রিনা বেগম (৫৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৩)।
স্বজনদের মতে, বাড়ির প্রায় ৫০০ গজ উত্তরে নতুন ভিটাবাড়িতে সেচের জন্য সেলো মেশিনে পানি তোলার প্রস্তুতি চলছিল। এই সময় রাস্তার পাশে স্থাপিত বিদ্যুতের খুঁটির তার থেকে সরাসরি সংযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন এনামুল হক রাসেল। অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে রিনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যে দু’জনের শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।