
ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধার করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানান, তুমুল গোলাগুলির মধ্যেই পাইলটকে উদ্ধার করা হয়েছে।
তবে উদ্ধার অভিযান এখনও শেষ হয়নি এবং পাইলটকে নিরাপদে বাইরে আনা জটিল ও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের মতে, উদ্ধারকারী দলকে নিরাপদে ইরান থেকে বের করে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাইলট এখনো ইরানের ভূখণ্ডেই রয়েছেন এবং উদ্ধারকারী দল বিপজ্জনক পরিস্থিতির মধ্যে অবস্থান করছে। নিখোঁজ পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স রাতভর অভিযান চালায়। একই সময় ইরানি বাহিনীও তল্লাশি চালিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। শুক্রবার রাতে ওই অভিযানের অংশ হিসেবে মার্কিন বিশেষ বাহিনী ইরানে প্রবেশ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে পাইলটকে ধরিয়ে দিতে ইরান মোটা অঙ্কের পুরস্কারের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।
সর্বশেষ তথ্যে জানা গেছে, মার্কিন বাহিনী পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।