ফেসবুক–ইনস্টাগ্রামে ঢুকতেই গুনতে হবে পয়সা

image 286

টেক জায়ান্ট মেটা দীর্ঘদিনের অভিজ্ঞতার পর সোশ্যাল মিডিয়ায় এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মার্ক জাকারবার্গের এই সংস্থা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকের জন্য একটি বিশেষ প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে। আন্তর্জাতিক সূত্রের খবর অনুযায়ী, এটি বর্তমান ‘মেটা ভেরিফাইড’ বা ব্লু টিক সাবস্ক্রিপশন থেকে সম্পূর্ণ আলাদা হবে। মূলত যারা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় আরও আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করতে চান, তাদের জন্য এই পেইড প্ল্যান চালু করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে এই তিনটি অ্যাপ বিনামূল্যে ব্যবহৃত হলেও মেটা নতুন আয়ের উৎস খুঁজছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে বিলিয়ন ডলার বিনিয়োগের পর সেই ব্যয় সামলাতে এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তি প্রতিবেদনে বলা হচ্ছে, এই প্রিমিয়াম সেবার মূল আকর্ষণ হবে ‘মানুস এআই এজেন্ট’। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্ট রিপ্লাই, দ্রুত কন্টেন্ট তৈরি এবং স্বয়ংক্রিয় নানা কাজ সহজেই করতে পারবেন। এছাড়া ইনস্টাগ্রামের জন্য ‘ভাইবস’ নামের নতুন এআই টুল যুক্ত হতে পারে, যা দিয়ে আকর্ষণীয় ছোট এআই ভিডিও তৈরি করা সম্ভব হবে।

প্রিমিয়াম মডেলে ইনস্টাগ্রামের কিছু ব্যক্তিগত চাহিদাও অন্তর্ভুক্ত হতে পারে, যেমন—কে আপনাকে ফলো করছে না তা দেখা বা গোপনে কারো ‘স্টোরি’ দেখা। হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম গ্রাহকদের জন্য বাড়তি কাস্টমাইজেশন এবং AI-চালিত চ্যাট ফিচার যুক্ত হতে পারে। তবে মেটা জানিয়েছে, এই নতুন সুবিধা নেওয়া সম্পূর্ণ ব্যবহারকারীর ইচ্ছার ওপর নির্ভর করবে। যারা খরচ করতে চায় না, তারা আগের মতো ফ্রি ভার্সন ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

নতুন পদক্ষেপের ফলে গোপনীয়তা নিয়ে কিছু উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের বৃদ্ধির পর ব্যবহারকারীরা আশঙ্কা করছেন, তাদের ব্যক্তিগত তথ্য ভবিষ্যতে AI প্রশিক্ষণের কাজে ব্যবহার হতে পারে কি না। মেটা দাবি করেছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কোনো পরিবর্তন আনা হবে না। মূলত উন্নত AI অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই প্রিমিয়াম মডেল চালু করা হচ্ছে।

এবার দেখার বিষয়, সাধারণ ব্যবহারকারীরা এই নতুন ব্যবসায়িক মডেলে কতটা সাড়া দেন এবং মেটার উচ্চাভিলাষী পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়িত হয়।