
শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় ২৩৪ জন নামজাদা এবং আরও ৪০০–৫০০ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে কারা আসামি হয়েছেন তা এখনো জানা যায়নি। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতের দিকে ঝিনাইগাতী থানায় নিহতের স্ত্রী মোছা মার্জিয়া মামলা দায়ের করেন।
শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান মামলার বিষয়টি রাতের দিকে নিশ্চিত করেন। শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম জানান, তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম গোপন রাখা হয়েছে। পুলিশের অভিযান এখনও চলমান।
এর আগে, ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদীর উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় ২৯ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।