
কম্বল মুড়ি দিয়ে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এক তরুণী। হঠাৎ জোরে বাজনার শব্দে ঘুম ভেঙে চমকে ওঠেন তিনি। চোখ খুলেই দেখেন—তার ঘরের ভেতর ঢুকে পড়েছে একটি ব্যান্ড পার্টি, সঙ্গে রয়েছেন তার প্রেমিকও। প্রথমে তিনি ভেবেছিলেন, প্রেমিক হয়তো মজা করেই ব্যান্ড পার্টি নিয়ে এসে ঘুম ভাঙিয়েছেন। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল।
ব্যান্ড পার্টির তালে তালে আচমকা হাঁটু গেড়ে সিনেম্যাটিক ভঙ্গিতে তরুণ প্রেমিক এক হাতে হিরের আংটি নিয়ে তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। এমন অপ্রত্যাশিত ‘সারপ্রাইজে’ আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তরুণী।
ভারতের দিল্লিতে ঘটে যাওয়া এই অভিনব প্রোপোজালের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনরা ভিডিওটি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন।
দিল্লির বাসিন্দা নেহা ও তার প্রেমিক দীর্ঘদিনের সম্পর্ককে নতুন জীবনের পথে এগিয়ে নিতে এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। নেহার শেয়ার করা ভিডিওতে প্রস্তুতি থেকে শুরু করে প্রস্তাব দেওয়ার প্রতিটি মুহূর্তই ধরা পড়েছে।
ভিডিওর শুরুতে দেখা যায়, নেহার প্রেমিক একটি সুটকেস হাতে ট্যাক্সি থেকে নামছেন। এরপর ব্যান্ড পার্টির সঙ্গে কথা বলার দৃশ্য। তখন সময় সকাল ৮টা ১৫ মিনিট। এরপর ব্যান্ড পার্টিকে সঙ্গে নিয়ে তিনি নেহার অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন এবং নিঃশব্দে তার শোবার ঘরে ঢোকেন, যেখানে নেহা গভীর ঘুমে ছিলেন। ইশারায় ব্যান্ড পার্টি বাজনা শুরু করতেই ঘুম ভেঙে যায় নেহার। চোখ খুলে তিনি দেখেন, সুট-বুট পরা প্রেমিক তার সামনে দাঁড়িয়ে।
শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমার গানের তালে হাঁটু গেড়ে প্রেমিক প্রশ্ন করেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ রোমান্টিক এই প্রস্তাবে আবেগাপ্লুত নেহা কোনো দ্বিধা না করে সম্মতি জানান। এরপর প্রেমিক তার আঙুলে আংটি পরিয়ে দেন।
নিজের এনগেজমেন্টের খবর জানিয়ে নেহা ভিডিওটি পোস্ট করে লেখেন, ‘মেরি তো ব্যান্ড বাজ গয়ি…’। ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বহু নেটিজেন। কেউ লিখেছেন, ‘আইফেল টাওয়ারে প্রোপোজ একদিকে, আর এই প্রোপোজ আরেকদিকে।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘এটাই সর্বকালের সেরা প্রোপোজ।’ কারও মতে, পুরো ঘটনাটি যেন একেবারে সিনেমার দৃশ্য।