তেলের বদলে পানি! টিসিবির ট্রাক ঘিরে চাঞ্চল্য

টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের পরিবর্তে মিলল পানির বোতল | Barta Bazar

পঞ্চগড়ের বোদা উপজেলায় রমজান উপলক্ষে আসা টিসিবির পণ্যের একটি ট্রাকে সয়াবিন তেলের পরিবর্তে পানিভর্তি বোতল পাওয়া গেছে। এক কাটুনে ২ লিটারের ৯টি বোতলে তেলের বদলে পানি ছিল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও এলএসডি গুদামে ট্রাক থেকে পণ্য আনলোড করার সময় এ ঘটনা ধরা পড়ে।

জানা যায়, ট্রাকটি দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে তেল নিয়ে বোদা উপজেলা এলএসডি গুদামে আসে। কাটুন নামানোর সময় ওজনে অস্বাভাবিকতা টের পেয়ে শ্রমিকরা সন্দেহ করেন। পরে একটি কাটুন খুলে দেখা যায়, তেলের বোতলের ভেতরে পানি ভরা।

এ বিষয়ে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, সন্দেহজনক কাটুন পাওয়ার পরই আনলোড বন্ধ রাখা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এক কাটুনে ৯ বোতল পানি পাওয়ায় পুরো চালান গ্রহণ না করে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।