
ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে রাজধানীর ফার্মগেট এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে কয়েকজন মোটরসাইকেল আরোহী তার ওপর ৫ রাউন্ড গুলি চালায়। গুরুতর আহত মুসাব্বিরকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলেই গুরুতর আহত হয়েছেন সুফিয়ান ব্যাপারী মাসুদ (৪২), যাকে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মুসাব্বির ও মাসুদ কয়েকজনের সঙ্গে কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এসময় মোটরসাইকেল থেকে আসা দুর্বত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। দুজনকে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়, পরে মাসুদকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মাসুদ পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।