জকসুর ৩৩ কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএসে এগিয়ে শিবির

image 72

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ৩৩টি কেন্দ্রের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ভিপি পদে এগিয়ে রয়েছেন। তিনি ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিবের চেয়ে ৬৫৫ ভোটে এগিয়ে আছেন। রিয়াজুল ইসলামের প্রাপ্ত মোট ভোট ৪ হাজার ৪৩২টি।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জকসুর ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ৪৪৩২ ভোট এবং ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৩৭৭৭ ভোট।

এদিকে জিএস ও এজিএস পদেও মোট ভোটে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৪৪৪৪ ভোট এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১৭৫৭ ভোট (অর্থনীতি বিভাগের ভোট বাদে)।
এজিএস পদে ছাত্রশিবিরের মাসুদ রানা পেয়েছেন ৩৯৭০ ভোট এবং ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩২৭৫ ভোট।

জকসু নির্বাচনের ফল ঘোষণার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। প্রথম ঘোষিত ২২টি কেন্দ্রের ফলাফলে ছাত্রদলের প্রার্থী রাকিব এগিয়ে থাকলেও পরবর্তী কেন্দ্রগুলোর ফলাফলে ব্যবধান কমিয়ে লিড নেন রিয়াজুল ইসলাম।

উল্লেখ্য, দীর্ঘ ৩৮ বছর পর মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলে সাড়ে ৫টা পর্যন্ত। এরপর বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, হল সংসদে প্রায় ৭৫ শতাংশ এবং কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর কারিগরি ত্রুটির কারণে তা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে আবারও ভোট গণনা শুরু করা হয়।