সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

image 74

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটি জানিয়েছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে।

বুধবার জারি করা এক নোটিশে সমিতি জানায়, ৮ জানুয়ারি থেকে ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম স্থগিত থাকবে। পাশাপাশি সকল কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও বন্ধ রাখা হবে।

এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবিগুলো তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। তারা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করা হবে। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক এলপিজি সিলিন্ডারের নতুন করে মূল্য সমন্বয় করতে হবে এবং প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। এসব দাবি ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।