
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবার আর আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন স্বচ্ছতা ও ন্যায়বিচারের ভিত্তিতেই সব কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।
তিনি জানান, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করছেন, তাদের সব আবেদন আইনি ভিত্তিতেই নিষ্পত্তি করা হবে। কমিশন সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন, সবাই ন্যায়বিচার পাবেন। তিনি আরও বলেন, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে অত্যন্ত স্বচ্ছ এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে প্রার্থীরা আপিল করতে নির্বাচন কমিশনে আসছেন। আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বুধবার ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং সোমবার প্রথম দিনে ৪১টি আপিল দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনে দাখিল হওয়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।