জামায়াত-বিএনপি সংঘর্ষে গুলি চালানো ভাইরাল যুবক গ্রেপ্তার

image 25

পাবনার ঈশ্বরদী উপজেলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে পিস্তল হাতে গুলি চালানোর ভিডিও ভাইরাল হওয়া যুবক তুষার মন্ডল (২১)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা ডিবি এই তথ্য প্রকাশ করে।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সংঘর্ষে ব্যবহৃত পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তুষার ঈশ্বরদীর ভেলুপাড়ার আবু তাহেরের ছেলে।

প্রসঙ্গত, ২৭ নভেম্বর ঈশ্বরদীর চরগড়গড়ি মোড়ে জামায়াত ও বিএনপির এমপি প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় তুষার প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন। পাল্টাপাল্টি অভিযোগে দুই পক্ষই থানায় মামলা করে। এরপর থেকে তুষার পলাতক ছিলেন।

পাবনা জেলা ডিবির ওসি রাশিদুল ইসলাম জানিয়েছেন, “তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তল ও দুই রাউন্ড গুলি প্রমাণ হিসেবে সংরক্ষিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”