
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ১১ দলীয় মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী বোরহান উদ্দিনের সমর্থকদের গণসংযোগের সময় হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতের দিকে কাজী বাড়ির দরজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ, এনসিপি কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯), অপূর্ব (১৯), সাইফ (১৮) এবং নজরুল ইসলাম সাগর। স্থানীয় ক্লিনিকে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত জাহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্সে পাঠানো হয়েছে।
আহতরা অভিযোগ করেছেন, বিকেলে তারা ইউনিয়নে গণসংযোগ করছিলেন। রাতের দিকে কাজী বাড়ির সামনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়।
অন্যদিকে, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস জানিয়েছেন, পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু ব্যক্তি ঝামেলা করার চেষ্টা করলে নেতাকর্মী ও স্থানীয়রা তাদের ধাওয়া করে। কেউ মারধর হয়নি; দৌড়ে পালানোর সময়ই আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি সামছুজ্জামান বলেন, উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির পাশাপাশি হাতাহাতির ঘটনা ঘটেছে। জামায়াত প্রার্থীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তা বর্তমানে তদন্তাধীন।