জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

image 179

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে পলাশ মহন্ত (৪৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্টেশনের উত্তর পাশে প্রায় ২০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ পাঁচবিবি পৌরসভার দমদমা তুরিপাড়া মহল্লার মৃত নিলমনী মহন্তের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানসিক ভারসাম্যহীন পলাশ রেললাইনের ওপর উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।