
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের আইডি ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আমাদের সময়ে পরিচয়পত্র পাওয়া যেত দ্বিতীয় বা তৃতীয় বর্ষে গিয়ে। অথচ তোমরা ভর্তি হয়েই প্রথম বর্ষের শুরুতে মানসম্মত পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাচ্ছো। এটি তোমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এই পরিচয়পত্র শুধু পড়াশোনায় মনোযোগী করবেই না, বরং একজন শিক্ষার্থীর মর্যাদাপূর্ণ পরিচয় হিসেবেও কাজ করবে। এবারই প্রথম এত দ্রুত শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া সম্ভব হলো, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, টেকনিক্যাল কমিটির সভাপতি ও বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ এবং শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল গত ১৭ আগস্ট। এর মাত্র এক মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেওয়া হলো। এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে টেকনিক্যাল কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলামের উদ্যোগে, প্রভোস্ট কাউন্সিল ও রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখার সহযোগিতায়।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া মোট ১১৫০ জন শিক্ষার্থীর জন্য পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে কেবল কিছু শিক্ষার্থীর হাতে কার্ড প্রদান করা হলেও বাকি শিক্ষার্থীদের নিজ নিজ হল থেকে তা সংগ্রহ করতে বলা হয়েছে।