পূজায় মদের দোকান বন্ধ রাখার নির্দেশনা দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

image 178

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গাপূজার সময় বৈধ-অবৈধ সব মদের দোকান বন্ধ রাখার দায়িত্ব সংশ্লিষ্ট পুলিশ কমিশনারদের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেএম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মহানগর পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

গুজব ও অপপ্রচার নিয়ে তিনি বলেন, “গুজবে কান দেবেন না, সত্য সংবাদ প্রকাশ করুন। প্রতিবেশী দেশ থেকে মিথ্যা সংবাদ ছড়ানো হয়, আপনারা সত্য তুলে ধরলে তাদের অস্বস্তি হবে।”

এর আগে মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অর্পন কান্তি ব্যানার্জি পূজার সময় চট্টগ্রামের সব মদের দোকান বন্ধ রাখার দাবি জানান। তিনি বলেন, “পূজার সময় মদ বা গাজা বিক্রি হতে শোনা যাবে না। দোকান খোলা থাকলে অনেকেই কিনতে চাইবে, কিন্তু বন্ধ থাকলে সেই সুযোগ থাকবে না। পূজামণ্ডপের আশপাশেও কোনো মদের দোকান থাকা উচিত নয়।”

তিনি আরও জানান, নগরের ২৯২টি পূজামণ্ডপে কোনো মেলা বসবে না। ফলে মদ বিক্রির সুযোগও কমে যাবে।

একইদিন বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা জেএম সেন হলের প্যান্ডেলও পরিদর্শন করেন। তিনি সেখানে নিরাপত্তা ও পবিত্রতা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বেচ্ছাসেবক, সিসি ক্যামেরা, আনসার ও নিরাপত্তা বাহিনীসহ প্রয়োজনীয় ব্যবস্থার ওপর জোর দেন।

এর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “ছোটখাটো ঘটনার সুযোগ নিয়ে কেউ যেন অপপ্রচার ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অনেক সময় স্থানীয় ছোট ঘটনা মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে অযথা বড় আকার ধারণ করে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানি ও অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তার আশা, এ বছর দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

সব ধর্মের মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাই মিলে সহযোগিতা করলে পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”

অনলাইনে অপপ্রচার ঠেকাতে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়ার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, “সরকার দুর্গাপূজার নিরাপত্তায় আন্তরিক ও সক্রিয় ভূমিকা পালন করছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসার মোতায়েন রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মণ্ডপ পরিদর্শন করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিদেশ থেকে কেউ যেন গুজব ছড়াতে না পারে, সে বিষয়েও বিশেষ নির্দেশনা দিয়েছেন। সরকারের এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।”