জয়পুরহাটে মাদকসেবীর হামলায় ইউপি সদস্য আহত, গ্রেফতার এক

551774547 1102702645356476 7888261263459312219 n

জয়পুরহাটের আক্কেলপুরে মাদকসেবন নিয়ে শাসানোর জেরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে মাথায় আঘাত করে গুরুতর জখম করেছে লোকমান হাকিম (৪০) নামে এক যুবক। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়কালী ইউনিয়নের চন্দনদীঘি বাজারে এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য আমির হোসেন (৭৬) বর্তমানে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয়রা লোকমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ইউপি সদস্যের ছেলে হারুনুর রশীদ বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, লোকমান হাকিম দীর্ঘদিন ধরে তার দুলাভাইয়ের বাড়িতে বসে মাদকসেবন করতেন। এ নিয়ে অভিযোগ পেয়ে ইউপি সদস্য আমির হোসেন সোমবার তাকে শাসন করেন এবং চড় মারেন। এর তিন দিন পর প্রতিশোধ নিতে লোকমান বাজার থেকে কাঠের বাটাম এনে ইউপি সদস্যের মাথায় আঘাত করেন।

স্থানীয় বাসিন্দা বাচ্চু রহমান জানান, লোকমান মাদক ব্যবসা ও সেবনে জড়িত ছিলেন। তাকে নিষেধ করলেও শোনেননি। এজন্য ইউপি সদস্যকে বিষয়টি জানানো হয়েছিল।

গ্রেফতারকৃত লোকমান হাকিম অবশ্য দাবি করেছেন, তিনি মাদক ব্যবসা করেন না। ইউপি সদস্য অযথা তাকে চড় মারায় প্রতিশোধ নিতে এ কাজ করেছেন।

আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে।”