ছয় বিভাগে এগিয়ে বিএনপি, একটিতে জামায়াত, বরিশালে আওয়ামী লীগ

image 177

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা কাকে সমর্থন করবেন—এমন প্রশ্নকে কেন্দ্র করে পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশের আটটি বিভাগের মধ্যে ছয়টিতে বিএনপি এগিয়ে রয়েছে। রংপুরে এগিয়ে আছে জামায়াতে ইসলামি এবং বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস মিলনায়তনে আয়োজিত ‘জনগণের নির্বাচন-ভাবনা’ শীর্ষক জরিপের দ্বিতীয় দফার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। জরিপটি পরিচালনা করে ইনোভেশন কনসাল্টিং, সহযোগিতা করে ভয়েস ফর রিফর্মবিআরএআইএন

২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৬৪ জেলার ৫২১টি ওয়ার্ডে মোট ১০ হাজার ৪১৩ জন ভোটারের অংশগ্রহণে জরিপটি পরিচালিত হয়। তাদের মধ্যে ৫ হাজার ৬৭৩ জন স্পষ্টভাবে মত দেন কাকে ভোট দেবেন।

বিভাগভিত্তিক ফলাফল

  • ঢাকা: বিএনপি ৪০.৮%
  • ময়মনসিংহ: বিএনপি ৪৫.৭%
  • সিলেট: বিএনপি ৪৪.৭%
  • খুলনা: বিএনপি ৪৩.৩%
  • চট্টগ্রাম: বিএনপি ৪১.৯%
  • রাজশাহী: বিএনপি ৪৪.৪%
  • রংপুর: জামায়াত ৪৩.৪%
  • বরিশাল: আওয়ামী লীগ ৩১.৯%

সার্বিক সমর্থন

  • বিএনপি: ৪১.৩% (মার্চে ছিল ৪১.৭%)
  • জামায়াত: ৩০.৩% (কমে এসেছে ৩১.৬% থেকে)
  • আওয়ামী লীগ: ১৮.৮% (আগে ছিল ১৪%)
  • এনসিপি: ৪.১% (আগে ৫.১%)
  • জাতীয় পার্টি: ০.৯%
  • ইসলামী আন্দোলন: ৩.১% (আগে ২.৫%)

যোগ্য দল নিয়ে মতামত

‘আগামী সরকার গঠনে সবচেয়ে যোগ্য দল’ প্রশ্নে ৩৯.১% ভোটার বিএনপিকে, ২৮.১% জামায়াতকে, ১৭.৭% আওয়ামী লীগকে, ৪.৯% এনসিপিকে এবং ১০.২% অন্যান্য দলকে সমর্থন করেছেন।

আওয়ামী লীগ নির্বাচনে না এলে তাদের ভোটের ৪৫.৬% বিএনপির পক্ষে যাবে বলে মনে করেন উত্তরদাতারা। ৩৩.৫% বলেছেন জামায়াতের দিকে, বাকিরা এনসিপি, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির পক্ষে মত দিয়েছেন।

বয়স, শিক্ষা ও লিঙ্গভিত্তিক ধারা

  • বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির প্রতি সমর্থন বাড়ছে, জামায়াতের কমছে।
  • জেনারেশন-জি ও নারীদের মধ্যে জামায়াতের সমর্থন তুলনামূলক বেশি।
  • শিক্ষার হার বাড়লে জামায়াতের প্রতি সমর্থন বাড়ছে, বিএনপির কমছে।

আন্তর্জাতিক সম্পর্ক ও প্রত্যাশা

জরিপে অংশ নেওয়া অধিকাংশ ভোটার ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গে ভালো সম্পর্ক চেয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভিন্নমত রয়েছে।

ভবিষ্যৎ সরকারের কাছে ভোটারদের প্রত্যাশা সম্পর্কেও প্রশ্ন রাখা হয়। মার্চে ৭১.২% উত্তরদাতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিলেও, সেপ্টেম্বরের জরিপে ৫৭.৫% আইনশৃঙ্খলা উন্নতিকে সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেছেন।