
রাজধানী ঢাকার বিভিন্ন ফ্ল্যাট, আবাসিক হোটেল ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী অবস্থান করলে বা অপতৎপরতা চালালে নগরবাসীকে আগাম তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস. এন. মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, “আমরা যদি আগাম তথ্য পাই, তবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কার্যকরভাবে মোকাবিলা করতে এবং আইনের আওতায় আনতে পারব।”
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, “নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের পতনের পরও তাদের অপতৎপরতা বন্ধ হয়নি। দেশ যখন স্বৈরাচারের ছায়া থেকে বেরিয়ে স্থিতিশীল হয়ে সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন করে অপতৎপরতা চালাচ্ছে, যা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি।”