‘তাদের এত সস্তায় বিক্রি করে দেওয়া হলো’—মাহফুজ

মাহফুজ আলম। ফাইল ছবি

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি অভিযোগ করেন, জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদেরও ‘বিক্রি করে দেওয়া হয়েছে’।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে কোনো দলের নাম উল্লেখ না করে এসব কথা বলেন আন্দোলনের এই ছাত্রনেতা। মাহফুজ আলম লিখেছেন, “বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করুন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে ছাত্রদের জন্য—কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!”

মাহফুজ আলমের ফেসবুক পোস্ট

আরও এক পোস্টে তিনি লেখেন, “জনগণের ন্যায্য লড়াই এখন এই বাটপারেরা পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে দখল করে নেবে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।”

উল্লেখ্য, মঙ্গলবার দুই দফায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা শপথ নিয়েছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আর ৬৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে।