ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

image 203

দেশের উত্তরাঞ্চলে পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় শীতের ধরণে সামান্য পরিবর্তন দেখা গেছে। বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা আজ শুক্রবার সকাল ৬টায় বেড়ে দাঁড়িয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে রাজধানী ঢাকায়ও অনুভূত হয়েছে শীতের ছোঁয়া; সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আজ ঢাকায় দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না। আকাশ থাকবে পরিষ্কার, আর আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয় ৮৫ শতাংশ।

সারা দেশেই আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রাত–দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং ২২ নভেম্বর পর্যন্ত শীত খুব বেশি বাড়বে না। তবে ২২ নভেম্বরের পর শীতের তীব্রতা বাড়তে পারে।