
হিজরি সনের সপ্তম মাস এবং ইসলামের চার পবিত্র মাসের অন্যতম রজবের চাঁদ দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সফল চাঁদ পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, রোববার থেকেই পবিত্র রজব মাস শুরু হচ্ছে।
রজব মাস মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ এই মাসের পরই আসে শাবান এবং এরপর পবিত্র রমজান। ফলে রজবের সূচনার মধ্য দিয়েই মূলত রমজানের প্রস্তুতির আনুষ্ঠানিক সময় গণনা শুরু হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এ মাসকে আত্মশুদ্ধি, ইবাদত বৃদ্ধি এবং রমজানের মানসিক প্রস্তুতির সময় হিসেবে গুরুত্ব দিয়ে থাকেন।
জ্যোতির্বিদ ও ধর্মীয় হিসাব অনুযায়ী, রজব ও শাবান—এই দুই মাস যদি স্বাভাবিক নিয়মে ২৯ বা ৩০ দিন করে সম্পন্ন হয়, তাহলে আনুমানিক ৬০ থেকে ৬১ দিনের মধ্যেই পবিত্র রমজান শুরু হতে পারে। তবে ইসলামী মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায়, রমজানের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের অনুমোদিত ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার মাধ্যমেই নির্ধারিত হবে।
এদিকে, আবুধাবিতে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার ঘটনাটি বৈজ্ঞানিকভাবেও নথিভুক্ত করা হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ১৪৪৭ হিজরি সনের রজব মাসের ‘ডে-টাইম ক্রিসেন্ট’ সফলভাবে আলোকচিত্রে ধারণ করে। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে তোলা ওই ছবিতে সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি।
এই পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেন বিশেষজ্ঞ দলটির সদস্য ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা।
রজব মাসের সূচনার মধ্য দিয়ে মুসলিম বিশ্ব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পবিত্র রমজানের দিকে—যে মাস আত্মসংযম, ইবাদত ও তাকওয়ার শিক্ষায় সমৃদ্ধ।