
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর বাম পায়ের হাড় ভাঙার পর ভুলবশত ডান পায়ে অপারেশন করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং অনেকেই এটিকে চিকিৎসকের অবহেলা হিসেবে দেখছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বুধবার (১৭ ডিসেম্বর) বাড়ির সিঁড়িতে পা পিছলে পড়ে ৭৫ বছর বয়সী রেণু বিবি গুরুতর আহত হন। তার বাম পাশের হিপ জয়েন্টে চোট লাগে এবং বাম পায়ের হাড় ভেঙে যায়। পরিবারের সদস্যরা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অপারেশনের পরামর্শ দেন এবং পরিবারের সম্মতিতে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
অপারেশন শেষে দেখা যায়, রোগীর বাম পায়ের বদলে ডান পায়ে ব্যান্ডেজ দেওয়া হয়েছে। জ্ঞান ফিরে রোগী নিজেই চিৎকার দিয়ে ওঠেন। পরে তাকে আবার অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং এবার ভাঙা বাম পায়েই সঠিকভাবে অপারেশন সম্পন্ন করা হয়।
ঘটনায় স্পষ্টভাবে ভুল হলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর দুই পায়েই চোট ছিল। তবে পরিবারের প্রশ্ন, “বাম পায়ে অস্ত্রোপচার করার কথা থাকলেও ডান পায়ে কেন করা হলো?” এখনও উস্কানি সৃষ্টি করছে।
রোগীর এক স্বজন বলেছেন, “এক্স-রে রিপোর্ট এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরও অভিজ্ঞ চিকিৎসকরা কীভাবে এমন ভুল করতে পারেন? অপারেশন করার আগে তো খালি চোখে দেখা যায় কোন পায়ে সমস্যা। এক্স-রে প্লেট দেখে কেন এই ভুল হলো।”
মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত সুপার অনাদি রায় চৌধুরী জানান, এ ঘটনায় একটি মৌখিক অভিযোগ পেয়েছেন। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও গাফিলতি বা দায়িত্বজ্ঞানহীনতা প্রমাণিত হলে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।