খাদ্যের বিষক্রিয়ায় ভাইবোনের মৃত্যু

image 205

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকা থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, খাদ্যের বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন— মোসলে উদ্দিন চৌধুরীর বড় মেয়ে আফরিদা চৌধুরী (১০) এবং ছোট ছেলে ইলহাম চৌধুরী (১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। বর্তমানে পরিবার ওয়ারলেস মোড়ের ৯১ নম্বর এসএইচএস টাওয়ারে একটি বাসায় থাকতেন।

পরিবারের বরাত অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে দুই শিশু খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসমুন হাসপাতালে নেয়া হয়। সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী সময়ে পরিবারের বাসায় মরদেহ আনার পর ছোট ছেলে ইলহামও বমি করা শুরু করে। তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ বাসার নিচে থাকা ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠায়। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, মরদেহে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, “একই খাবার খেয়ে শিশুদের বাবা অসুস্থ হলেও চিকিৎসার পর সুস্থ হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের বিষক্রিয়ার কারণে শিশুদের মৃত্যু হয়েছে। তবে খাবারটি বাসায় রান্না করা হয়েছে নাকি বাইরে থেকে আনা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তদন্তের পর ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”