
ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রসহ কোনো বহিরাগত শক্তিরই লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই।
শনিবার (২০ ডিসেম্বর) এক সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, হিজবুল্লাহ কার্যত ইসরাইলি শাসনব্যবস্থাকে অচল করে দিয়েছে এবং জায়নিস্ট বাহিনীকে সামরিকভাবে অক্ষম করে তুলেছে।
ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি জানান, যদিও লেবাননের আকাশসীমা এখনো ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা দূর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে, তবুও স্থলযুদ্ধে নামার সাহস পাচ্ছে না ইসরাইল। তার ভাষায়, ইসরাইল জানে—স্থলযুদ্ধে প্রবেশ করলে পরিস্থিতি সম্পূর্ণভাবে হিজবুল্লাহর অনুকূলে চলে যাবে, কারণ স্থলভাগে জায়নিস্ট বাহিনী ইতোমধ্যেই ভেঙে পড়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, কোনো শক্তিই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না।
ফিলিস্তিন প্রসঙ্গে ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের মুক্তি ছাড়া প্রতিরোধ আন্দোলনের দর্শন অর্থহীন। তার মতে, প্রতিরোধ আন্দোলনের মূল হৃদয় ও কেন্দ্রবিন্দু হলো ফিলিস্তিনের স্বাধীনতা।
ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি বলেন, ফিলিস্তিন ইস্যু ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান আদর্শ ছিল এবং এখনো তা অপরিবর্তিত রয়েছে। ফিলিস্তিনের মুক্তিই বিপ্লবী আন্দোলনকে একটি উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার প্রধান শর্ত।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি