
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারি (বুধবার) মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
নাসিমুল গনি বলেন, “হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে ইনশাআল্লাহ আমরা দাখিল করব। চার্জশিটটি চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে গেছে, এখন সামান্য পর্যালোচনা চলছে। পর্যালোচনা শেষে চূড়ান্ত চার্জশিট পাঠানো হবে।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে মাথায় গুলি করে আহত করে। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয় এবং পরে পরিবারের ইচ্ছায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরপর ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার মরদেহ ঢাকায় ফিরিয়ে ২০ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয়।
শরিফ ওসমান হাদি ছিলেন ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।