তালেবানের বন্ধ করা আফগান নারীদের ‘রেডিও বেগম’ ফিরছে আবারও

download 4

ইফতেখার হোসাইন, প্রতিবেদক :

অননুমোদিত কন্টেন্ট সরবরাহ ও লাইসেন্সের অপব্যবহারের অভিযোগে বন্ধ হওয়া আফগান নারীদের রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ আবারও সম্প্রচারের অনুমতি পেয়েছে। কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তালেবান সরকার সম্প্রচার স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিও বেগম’ স্টেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তবে এর পাঁচ মাস পর তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে। কিছুদিন পর, অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ ও লাইসেন্সের অপব্যবহারের অভিযোগে তালেবান সরকার এর সম্প্রচার বন্ধ করে দেয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘রেডিও বেগম’ কার্যক্রম পুনরায় চালুর জন্য একাধিকবার আবেদন করেছে এবং প্রয়োজনীয় প্রতিশ্রুতি দেওয়ার পর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে সরকার নতুন শর্তগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য, ‘রেডিও বেগম’ স্টেশনটি সম্পূর্ণরূপে আফগান নারীদের দ্বারা পরিচালিত এবং এর সহযোগী স্যাটেলাইট চ্যানেল ফ্রান্স থেকে সম্প্রচারিত হয়।

/হ্যাভেন টিভি ডট প্রেস