
ইফতেখার হোসাইন, প্রতিবেদক :
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে প্রেসিডেন্টের পদ ছাড়তে প্রস্তুত আছেন ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, যদি ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিনিময়ে পদত্যাগ করতে হয়, তবে তিনি তা করতে রাজি আছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিএনএন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়, ইউক্রেনে শান্তি নিশ্চিত হলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত কিনা। জবাবে তিনি বলেন, ‘যদি সত্যিই আমার পদত্যাগের প্রয়োজন হয়, তাহলে আমি প্রস্তুত।’
চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, কিয়েভের জন্য ন্যাটোতে যোগদান করা বাস্তবসম্মত নয় এবং বর্তমান পরিস্থিতিতে এটি সম্ভব নয়।
এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের জন্য ইউক্রেন নিজেই দায়ী। এছাড়া, জেলেনস্কির জনপ্রিয়তা কমে যাওয়ার পাশাপাশি তার মেয়াদ শেষ হওয়ার ৯ মাস পরও নির্বাচন না দেওয়ায় তিনি সমালোচিত হচ্ছেন।
জবাবে, জেলেনস্কি ট্রাম্পের বক্তব্যকে ‘ভুয়া তথ্যের রাজ্যে বাস করা’ বলে আখ্যা দেন।
/হ্যাভেন টিভি ডট প্রেস

