
ইফতেখার হোসাইন, প্রতিবেদক :
দেশ পরিচালনার কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে তিনি জানিয়েছেন, পরিস্থিতির উন্নয়নে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, নতুন বাংলাদেশে সরকার কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে। এর মধ্যে পুলিশের অবস্থা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ বাহিনীটির নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ভঙ্গুরতা পরিলক্ষিত হচ্ছে। তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও সরকার তা উত্তরণের জন্য আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তাদের কিছু অংশ দেশের বাইরে পালিয়ে গেলেও বেশিরভাগ এখনো দেশের ভেতরেই সক্রিয় রয়েছে।
এদিকে, একই অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম জানান, একটি গোষ্ঠী দেশে স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তবে সরকার মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তিনি আরও জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মাধ্যমে গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।
/হ্যাভেন টিভি ডট প্রেস
