হঠাৎ মহাসড়েকে নেমে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান

সড়কে বিমানের অবতরণ। ছবি: সংগৃহীত

হঠাৎ মহাসড়কে নেমেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। তবে আতঙ্কের কোনো কারণ নেই। মহাসড়কে অবতরণের মাধ্যমে নতুন রেকর্ড স্থাপন করেছে বিমানটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আসামে জাতীয় সড়কের ওপর নির্মিত উত্তর-পূর্ব ভারতের প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটিতে (ইএলএফ) সি-১৩০জে সামরিক পরিবহন বিমানে অবতরণ করে ইতিহাস গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অবতরণ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তার একদিনের সফরের সূচনা হিসেবে অনুষ্ঠিত হয়।

তিনি চাবুয়া এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করে আসামের মরান এলাকায় জাতীয় সড়ক-৩৭-এর একটি অংশে নির্মিত ইএলএফ-এ অবতরণ করেন। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪.২ কিলোমিটার দীর্ঘ শক্তিশালী রানওয়ে মরান বাইপাসে অবস্থিত। এটি ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান ও পরিবহন বিমানের জন্য কৌশলগত ও বহুমুখী রানওয়ে হিসেবে কাজ করবে।

প্রধানমন্ত্রী এক্সে লিখেছেন, এই ইএলএফ জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত মোতায়েনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রয়োজনে এটি দিবরুগাড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এখানে সর্বোচ্চ ৪০ টন ওজনের যুদ্ধবিমান এবং ৭৪ টন ওজনের পরিবহন বিমান অবতরণ করতে সক্ষম।

ভারতের প্রথম ইএলএফ ২০২১ সালে বারমার জেলায় উদ্বোধন করা হয়েছিল। অবতরণের পর প্রধানমন্ত্রী প্রায় ৪০ মিনিটের এয়ার শো উপভোগ করেন। এতে ভারতীয় বিমান বাহিনীর তেজস, সুখোই ও রাফালসহ বিভিন্ন যুদ্ধবিমান অংশ নেয়।

সফরের সময় তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত গুয়াহাটি ও উত্তর গুয়াহাটিকে সংযুক্তকারী সেতু, যা যানজট কমানো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সহায়ক হবে। এছাড়াও বঙ্গোরায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট গৌহাটির অস্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করবেন।