হল দখল করতে এলে প্রতিহত করা হবে: ডাকসু ভিপি

সাদিক কায়েম। ফাইল ছবি

হল দখল প্রতিহত করা হবে: ডাকসু ভিপি’র হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম ক্ষমতায় এসে হল দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামলার পুরো তালিকা তাদের কাছে রয়েছে এবং তারা আওয়ামী লীগের আগের সময়ের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন।

সাদিক কায়েম বলেন, “আর যদি কেউ মনে করে ক্ষমতায় এসে হল দখল করতে পারবে, তা আমরা প্রতিহত করব। আর কোনো লাশ পড়লে রাজপথে নামবে জামায়াত-শিবির ও ১১-দলীয় জোট। বাংলাদেশে হামলা, মামলা, হুমকি ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না। যাঁরা সন্ত্রাস করেছেন, তাঁদের বিরুদ্ধে তারেক রহমান দ্রুত ব্যবস্থা নেবেন।”

সংবাদ সম্মেলনে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, নির্বাচনের একদিন পর থেকেই ১১-দলীয় জোটের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, চাঁদপুর, মুন্সীগঞ্জসহ শতাধিক এলাকায় জামায়াত-শিবিরের ওপর বিএনপির সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। ফরহাদ আশা প্রকাশ করেন, বিএনপি আগের আওয়ামী লীগের মতো বিরোধী দলকে হামলা ও হয়রানির মাধ্যমে পিষ্ট করার চেষ্টা করবে না।

তিনি আরও বলেন, নির্বাচনের পর শুরু হওয়া এই হামলা-সন্ত্রাসের মাত্রা ২০০৮ সালের নির্বাচনের পরে আওয়ামী লীগও শুরু করেনি।