
বাগেরহাটে ভোট পরবর্তী পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে ১ নিহত, ৯০ আহত
বাগেরহাটে জাতীয় নির্বাচন শেষে বিএনপি, জামায়াত ও একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে অন্তত ৯০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
ভোটের আগে থেকেই বাগেরহাট সদর ও কচুয়া এলাকায় উত্তেজনা শুরু হয়েছিল, যা ভোটের পর রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল। নির্বাচনের পর দুই দিনে জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৩০টি সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। মান্দ্রা গ্রামে বিএনপি ও জামায়াতের সমর্থকদের ১৪টি বসতবাড়ি এবং শরণখোলা-মোরেলগঞ্জে ৬টি বসতবাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ শনিবার ৬ জনকে এবং শুক্রবার ২ জনকে আটক করে।
শনিবার দুপুরে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য পপলু সরদার, সাবেক ছাত্রদল নেতা সাগর ও জামায়াতের মুজাহিদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনের আগের রাতে একই এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) ও বিএনপির সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে।
শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পারনওয়াপাড়া ও কচুয়া উপজেলার ছিটাবাড়ি এলাকায় স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম ও বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওসমান পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।
সংঘর্ষের সময় ইমরান সরদার বলেন, শুক্রবার বিকেলে পশ্চিম পারনওয়াপাড়ায় বিএনপি নেতা শহিদুলের নেতৃত্বে ৪০–৫০ জন দা ও লাঠি নিয়ে ভোট দেওয়া ব্যক্তিদের খুঁজতে গিয়ে হামলা চালায়। স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অনেকেই আহত হন।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান চৌধুরী জানান, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ ও পাল্টা অভিযোগ এসেছে। পুলিশ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সকল প্রার্থীকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যারা সংঘর্ষে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
এছাড়া সদর, মোরেলগঞ্জ, শরণখোলা ও কচুয়া উপজেলায় একাধিক জায়গায় সংঘর্ষ ও হামলায় নারীসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।