
সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন আলী আহমদ (৩৫) নামে এক ব্যক্তি। পরে তিনি নিজেকেও কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রুবেনা বেগম (৩০)। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরেই আলী আহমদ স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিজেকেও আঘাত করলে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আলী আহমদের কিছু মানসিক সমস্যা রয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।