
নেত্রকোনায় বিএনপির সাবেক নেতা সাইদুর রহমান অর্ধশত কর্মী-সমর্থকসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত এক পথসভায় এ যোগদান অনুষ্ঠান হয়।
বিএনপির সাবেক পৌর সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাইদুর রহমানের নেতৃত্বে প্রায় পঞ্চাশ কর্মী-সমর্থক জামায়াতে যোগ দেন। এ সময় নেত্রকোনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক তাদের ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক বিভাগের সহ-সভাপতি মো. শাজাহান কবির, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম ও মাওলানা আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, “বিগত ১৭ বছর আমরা চাঁদাবাজি, লুট, গুম-খুনসহ নানা নির্যাতনের শিকার হয়েছি। সেই স্বৈরশাসক দেশ থেকে পালাতে ৪৫ মিনিট সময়ও পায়নি।”
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের শাসন প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।