
ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনায় শত শত ফ্লাইট বাতিল হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এ খবর প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, কলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে— প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িকভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না এবং ত্রুটি সমাধানে সময় লাগবে। প্রতিষ্ঠানটি বিশ্বের অনেক এয়ারলাইনস ও বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সেবা দিয়ে থাকে। ইউরোপভিত্তিক অধিকাংশ এয়ারলাইনস তাদের গ্রাহক হওয়ায় এই হামলার ফলে সেবা বন্ধ হয়ে যায়, ফলে ব্যাপক ফ্লাইট বাতিল করতে হয়।
ইতোমধ্যে লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফোনে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে। তবে ইউরোপের সব বিমানবন্দর এ হামলায় আক্রান্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন,
“ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ম্যানুয়ালি সেবা দেওয়া হবে। এটি সময়সাপেক্ষ। যদি দ্রুত ত্রুটি সারানো না যায়, তবে প্রতিটি ফ্লাইটের ছাড়ার সময় অন্তত ৫৪ মিনিট পিছিয়ে যাবে।”